রাজধানীর খিলগাঁও থানার পেছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘খিলগাঁও থানার পেছনে কয়েকটি ভবন পরে একটি শোরুমের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মাজহারুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার মাজহারুল নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তার সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি। আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য এসেছে সে ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তাকে বহন করা একটি মোটরসাইকেল সন্দেহের তালিকায় রয়েছে। মোটরাসাইকেলের চালককে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















