শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ রফিকুল ইসলাম সরদার আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
রফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। ডিএম খালী ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে এলাকার দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রফিকুল ইসলাম সরদার আবারও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে। তাঁদের মতে, এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং স্থানীয় সমস্যা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রসঙ্গে রফিকুল ইসলাম সরদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে ডিএম খালী ইউনিয়নের মানুষের সঙ্গে আছি। সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আমার রয়েছে। মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আবারও চেয়ারম্যান হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্ব দিতে চাই। পাশাপাশি গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, এটি মানুষের সেবা করার দায়িত্ব। আমি চাই ডিএম খালী ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। দল-মতনির্বিশেষে সব মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও তাঁর সমর্থকরা বলেন, রফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁকে পাওয়া যায়। তাঁরা মনে করেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
ডিএম খালী ইউনিয়নের মানুষের প্রত্যাশা—রফিকুল ইসলাম সরদার নির্বাচিত হলে তাঁর যোগ্য নেতৃত্ব, উন্নয়ন এবং নাগরিক সেবার মাধ্যমে ইউনিয়নটি আরও এগিয়ে যাবে।
জনতার কণ্ঠ / কেএম

শরিয়তপুর প্রতিনিধি | জনতার কণ্ঠ 



















