জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদ ও বই বিতরণ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন এবং তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, রচনা লেখা, নজরুলসংগীত ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, সনদ ও বই তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, ‘নজরুল ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। নতুন প্রজন্মের মধ্যে নজরুল চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন। শিক্ষার্থীরা নজরুলকে পড়বে, জানবে এবং তাঁর আদর্শ ধারণ করবে—এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করতে পারে। তাই শিক্ষার্থীদের সঙ্গে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের পরিচয় আরও গভীর করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















