প্রতিবছরের মতো এবারও নবান্ন উৎসবকে ঘিরে কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে বসেছে দিনব্যাপী এই মাছের মেলা। এতে উপজেলার মাত্রাই, বিয়ালা, শগনা, গাড়োইল, শাইলগুন, উলিপুর, উদয়পুর, দুধাইল, নয়াপাড়া, তেলিহার, আপলাপাড়া, হাতিয়র, রাঘতপুর, হারুঞ্জ, বোরাই, পুনট, পাঁচগ্রাম, বেগুনগ্রাম, জিন্দারপুর ও ইমামপুরসহ ৭০ থেকে ৮০টি গ্রামের মানুষ অংশ নেন।
নবান্ন উৎসব উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের আগে থেকেই দাওয়াত দেওয়া হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও শত শত মানুষ মাছ কিনতে ও মেলা দেখতে আসেন। সব মিলিয়ে মাছের এই মেলা স্থানীয়দের কাছে আনন্দ, উৎসব ও পারিবারিক মিলনমেলায় পরিণত হয়েছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, মেলাকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা ভটভটি, পিকআপ ও ট্রাকে করে বড় আকৃতির জীবন্ত মাছ নিয়ে আসেন। মেলায় ছোট মাছের পাশাপাশি ৫ থেকে ২৭ কেজি ওজনের বিশাল মাছও পাওয়া যায়। পুকুরের মাছের পাশাপাশি নদীর রুপচাঁদা, গলদা চিংড়ি, পাবদা, গুলশা ও বাইম মাছের সমাহার ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ে বিশাল আকৃতির মাছগুলো।
উপজেলার দুধাইল গ্রামের রিজন সরকার বলেন, ‘বছরের এই একটি দিনের জন্য আলাদা প্রস্তুতি নিই। শখের বশে মেলা থেকে প্রায় ১৭ হাজার টাকায় একটি কাতলা মাছ কিনেছি।’
রাঘতপুর গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, ‘বছরের অন্য কোনো দিনে গ্রামে এত মানুষের সমাগম দেখা যায় না। মেলায় মাছ ছাড়াও শিশুদের নানা সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বসে। ফলে পুরো পরিবার নিয়ে এটি এক আনন্দময় গ্রামীণ উৎসবে পরিণত হয়।’
বগুড়ার শিবগঞ্জ থেকে আসা কালাইয়ের মাত্রাই তালুকদার পাড়ার মেয়ে রুমি ও জামাই সোহাগ জানান, বহু বছর ধরে নিয়ম করে শ্বশুরবাড়ির এই মেলায় আসছেন তাঁরা। তাঁদের কাছে এটি শুধু মাছ কেনাবেচার আয়োজন নয়, বরং আত্মীয়তার বন্ধন ও সম্পর্কের এক মিলনমেলা।
মাছ ব্যবসায়ী বাইজিদ বলেন, মেলায় মাঝারি আকারের মাছ প্রতি কেজি ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেচাকেনা কিছুটা কম হলেও ক্রেতাদের ভালো সমাগম রয়েছে।
আরেক বিক্রেতা রেজাউল জানান, মেলায় জামাইদের বড় মাছ কেনার আগ্রহ বেশি থাকে। এ কারণে তাঁরা বড় আকারের মাছ নিয়ে আসেন। মেলা থেকে কেউ খালি হাতে ফেরেন না।
মেলার আয়োজক আব্দুল লতিফ বলেন, বিভিন্ন এলাকার বড় বড় পুকুর, দীঘি ও নদী থেকে মাছ সংগ্রহ করে মেলায় আনা হয়। গত বছরের তুলনায় এবার মাছের আমদানি কিছুটা কম হলেও ক্রেতারা পছন্দমতো মাছ কিনছেন। আকারভেদে সিলভার কার্প প্রতি কেজি ৩০০ থেকে ৬০০ টাকা, বিগহেড কার্প ৪০০ থেকে ৮০০ টাকা, রুই ৪০০ থেকে ১ হাজার টাকা এবং কাতলা ৪৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। মেলায় সর্বোচ্চ ২৭ কেজি ওজনের একটি কাতলা মাছ উঠেছে।
কালাই উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মো. সোহেল ইসলাম বলেন, মেলাকে কেন্দ্র করে মাছচাষি ও ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে আসেন। মেলায় প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। মৎস্য বিভাগ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিষযুক্ত মাছ বিক্রি রোধে নজরদারি রাখা হচ্ছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, পাঁচশিরা বাজারের মাছের মেলা কালাইয়ের স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত রাখে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।

মো. আমানুল্লাহ আমান, জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















