প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি আমন্ত্রণপত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন।
আমন্ত্রণ গ্রহণ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
হুমায়ুন কবির বাংলাদেশ-শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এবং অতীতের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী।
সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি গাছ রোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তাকে সাক্ষাৎ দেওয়ার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















