অভিনেতা সোহেল খানের অভিনয়জীবনের শুরুটা খুব একটা সুখকর ছিল না। জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তার অভিনয় পরিচালকের পছন্দ হয়নি। অভিনয়টি কৃত্রিম মনে হওয়ায় হুমায়ূন আহমেদ তাকে শুটিং থেকে বের করে দিতে সহকারীকে বলেছিলেন।
এই ঘটনা সোহেল খানের মনে গভীরভাবে দাগ কাটে। পরে তিনি মনে করেছিলেন, ওই অভিজ্ঞতাই তাকে ভালো অভিনেতা হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। তার ইচ্ছা ছিল, একদিন এমন অভিনয় করবেন, যাতে হুমায়ূন আহমেদও তার প্রশংসা করেন।
অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পেছনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অবদানের কথাও স্বীকার করেছেন সোহেল খান। বাংলা মুভি ডেটাবেজের তথ্য অনুযায়ী, ফারুকী তাকে বিভিন্ন ধরনের চরিত্রে কাজের সুযোগ দিয়েছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয় শেখাতে কঠোরও হয়েছেন নির্মাতা। সোহেল খান এসব অভিজ্ঞতাকে ইতিবাচকভাবেই দেখতেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার যাত্রা শুরু হয়। এরপর ‘৪২০’ ও ‘হাউসফুল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। পরে চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করেন তিনি।
২০০৯ সালে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল খান বলেছিলেন, অভিনয়ের সময় চরিত্রটি নিজের মতো করে বোঝার চেষ্টা করেন তিনি। নির্দিষ্ট চিত্রনাট্যের বাইরে চরিত্রের ভেতরে ঢুকে অভিনয় করাই ছিল তার পদ্ধতি। তবে ‘স্পার্টাকাস ৭১’-এ দীর্ঘ সংলাপ ও বিস্তারিত চরিত্রের কারণে তাকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল।
সোহেল খান আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মারা গেছেন। গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 





















