লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের বিশেষ দায়িত্ব) আকবর হোসেন মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো। জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগির এ দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্র জানায়, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি জহির রায়হান বাবুকে আহ্বায়ক ও রাকিব হাসানকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ উপজেলার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই দিন শাহিন আলম মুন্নাকে আহ্বায়ক ও হুমায়ুন কবির সাদ্দামকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ পৌরসভার ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এরমধ্যে বাবু ও মুন্না জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
জেলা ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হবে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা হবে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















