সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে গিয়ে মো. চাঁদ মিয়া (৭৫) নামে বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগার চর গ্রামে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ মিয়া উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পাড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের ছেলে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য।
প্রত্যক্ষদর্শী নিহতের খালাতো ভাই আহসান হাবিব জানান, আমি ও মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া ব্যাটারি চালিত অটোভ্যানে শাহজাদপুরের দিকে যাচ্ছিলাম। দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমাদের অটোভ্যানটি। এতে ভ্যান উল্টে যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় লোহার ভটভটির পাইপের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান মুক্তিযোদ্ধা মো. চাঁদ মিয়া। এ দুর্ঘটনায় অটোভ্যান চালকসহ দুজন গুরুতর আহত হছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















