স্বর্ণ কেনাবেচায় নতুন এক ডিজিটাল ব্যবস্থা চালু করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এতে কাগুজে বা ভার্চুয়াল স্বর্ণ নয়, বরং বাস্তবে ভল্টে সংরক্ষিত স্বর্ণের আংশিক মালিকানা ডিজিটাল পদ্ধতিতে হস্তান্তর ও লেনদেন করা যাবে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ২৪ নভেম্বর জানায়, এই ব্যবস্থায় প্রথমবারের মতো লেনদেন সম্পন্ন করেছে এইচএসবিসি, জেপি মরগান ও স্টোনএক্স। লন্ডনের স্বর্ণবাজারে ৪০০ আউন্স ওজনের স্বর্ণের বার ব্যবহার করে এসব লেনদেন করা হয়।
নতুন ব্যবস্থাটির নাম দেওয়া হয়েছে ‘পুলড গোল্ড ইন্টারেস্টস’ বা পিজিআই। এর মাধ্যমে একটি স্বর্ণের বারের পুরোটা না কিনেও তার নির্দিষ্ট অংশের মালিকানা নেওয়া যাবে। সেই মালিকানা ডিজিটালভাবে অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে। এমনকি আর্থিক লেনদেনে জামানত হিসেবেও ব্যবহার করা যাবে স্বর্ণের ওই অংশ।
এতদিন বড় পরিসরে স্বর্ণের মালিকানা হস্তান্তর ও লেনদেনের ক্ষেত্রে ভল্টে রাখা স্বর্ণের হিসাব এবং সংশ্লিষ্ট কাগজপত্রের ওপর নির্ভর করতে হতো। নতুন ব্যবস্থায় স্বর্ণ সরাসরি এক ভল্ট থেকে অন্য ভল্টে না নিয়েও মালিকানা বদল করা সম্ভব হবে।
তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত আন্তর্জাতিক স্বর্ণবাজারের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি করা হচ্ছে এই ব্যবস্থা। সাধারণ মানুষের জন্য স্বর্ণ কেনাবেচার নতুন কোনো খুচরা প্ল্যাটফর্ম হিসেবে এটি চালু হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























