সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী হিসেবে আলোচনায় এলেও বর্তমানে নিজের যোগ্যতা ও বহুমুখী প্রতিভায় স্বতন্ত্র এক পরিচিতি গড়ে তুলেছেন সালসাবিল মাহমুদ। যুক্তরাজ্যে সাইবার সিকিউরিটিতে পড়াশোনা শেষ করে দেশে ফিরে যুক্ত হয়েছেন কর্পোরেট চাকরি ও পারিবারিক ব্যবসায়। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েশন, বিজনেস পডকাস্ট এবং সম্প্রতি নাটকে অভিনয়ের মাধ্যমেও নজর কেড়েছেন তিনি। তার এই পেশাগত রূপান্তর, নারী ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন শিবশংকর দেবনাথ।
- পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে, অথচ এখন মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশনে সক্রিয়। এই দুই ভিন্ন জগতের মাঝে ভারসাম্য কীভাবে রক্ষা করেন?
সালসাবিল মাহমুদ: আমি যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি থেকে আইটির ওপর বিএসসি করেছি, আমার মেজর ছিল সাইবার সিকিউরিটি। আমার কাছে মনে হয় না মিডিয়া বা কনটেন্ট ক্রিয়েশন খুব আলাদা কোনো জগৎ। বর্তমান সময়টা অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর। আপনি ব্যবসা বা চাকরি যাই করেন না কেন, নিজের সেলফ ব্র্যান্ডিং এবং পণ্য বা সেবার প্রচারের জন্য কনটেন্ট ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি অত্যন্ত জরুরি।
আমি একটি ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি, তাই ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল। পাশাপাশি আমি মোটামুটি গুছিয়ে ও যুক্তিসঙ্গতভাবে কথা বলতে পারি, যা প্রেজেন্টেশন বা কনটেন্ট তৈরিতে কাজে লাগে। যেহেতু এই বিষয়গুলো একটি আরেকটির সঙ্গে আন্তঃসংযুক্ত এবং আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্যও সহায়ক, তাই এদের মধ্যে ভারসাম্য রক্ষা করা আমার জন্য বেশ সহজ।
- পেশাগত জীবনের এমন কোন সিদ্ধান্তটি নেওয়া সবচেয়ে কঠিন ছিল, যা পরবর্তী সময়ে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে?
সালসাবিল মাহমুদ: পড়াশোনা ও ক্যারিয়ারের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করাটাই ছিল সবচেয়ে কঠিন। আমি শুরুতে মেডিকেলে ভর্তি হয়েছিলাম। পরে ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে মেডিকেল ছেড়ে অ্যাভিয়েশন বা পাইলট কোর্সে (পিপিএল/সিপিএল) আগ্রহী হই এবং দেশ-বিদেশে পরীক্ষাও দিই। কিন্তু সবশেষে আমার মনে হয় ভবিষ্যতের বিশ্ব হবে সম্পূর্ণ আইটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর। সেই চিন্তা থেকেই সবকিছু বাদ দিয়ে আইটিতে বিএসসি করার সিদ্ধান্ত নিই। জীবনের নানা চড়াই-উতরাই ও অপ্রত্যাশিত মোড় পেরিয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করাটা বেশ কঠিন ছিল, তবে এটিই আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সেরা সিদ্ধান্ত।
- কর্পোরেট কাজ, ব্যবসা এবং শুটিং, এই তিনটি ভিন্ন ধারার দায়িত্ব একসঙ্গে সামলানোর পেছনে টাইম ম্যানেজমেন্টের গোপন সূত্র কী?
সালসাবিল মাহমুদ: সত্যি বলতে, তিনটি ভিন্ন ধারার কাজ একসঙ্গে সামলাতে গিয়ে মাঝেমধ্যে বেশ হিমশিম খেতে হয় এবং সবকিছু একটু হযবরল হয়ে যায়। তবে আমার জন্য সবচেয়ে বড় সুবিধা হলো, আমি আমার বাবার প্রতিষ্ঠানে চাকরি করছি। এটি একদিকে যেমন কর্পোরেট চাকরি, অন্যদিকে তেমনি পারিবারিক ব্যবসা। যেহেতু এটি পারিবারিক প্রতিষ্ঠান, তাই কনটেন্ট তৈরি, ব্র্যান্ড প্রমোশন বা শুটিংয়ের প্রয়োজনে কাজের ক্ষেত্রে আমি কিছুটা ছাড় পাই। পরিবারের এই সহযোগিতার কারণেই শেষ পর্যন্ত সবকিছুর মধ্যে সময় সমন্বয় করা সম্ভব হয়।
- একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা দাঁড় করানোর পেছনের মূল অনুপ্রেরণা কী ছিল?
সালসাবিল মাহমুদ: আমি যেহেতু বিজনেস পডকাস্ট করি এবং অনেক নারী উদ্যোক্তার সাক্ষাৎকার নিয়েছি, তাই নিজের ও তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মূল অনুপ্রেরণা হলো সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলানো। আমাদের সমাজে সাধারণত একটি পরিবারে ছেলে সন্তানের জন্য বাবা-মা ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতার স্বপ্ন দেখেন, আর মেয়ে সন্তানের ক্ষেত্রে ভাবা হয় ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিলেই দায়িত্ব শেষ। নারীদের কেবল সংসারের গণ্ডিতে আটকে রাখার এই মানসিকতা ভাঙাই হলো মূল অনুপ্রেরণা। নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা এবং পরবর্তী প্রজন্মের নারীদের জন্য উদাহরণ সৃষ্টির তাগিদ থেকেই উদ্যোক্তা হওয়ার পথ বেছে নেওয়া।
- নারীদের ক্যারিয়ার এবং আর্থিক স্বাধীনতার বিষয়টিকে কীভাবে দেখেন? নতুন প্রজন্মের নারী উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী?
সালসাবিল মাহমুদ: আমি মনে করি, একজন নারী হিসেবে জন্ম নেওয়ার পর পড়াশোনা শেষ করে তার প্রথম ও প্রধান দায়িত্ব হওয়া উচিত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া। আপনি কোন পরিবারের সন্তান বা কার স্ত্রী, সেটি মুখ্য নয়; দিনশেষে নিজের পায়ের নিচের মাটি শক্ত থাকাটাই আসল। আমি গ্রামীণ অঞ্চলে চ্যারিটেবল কাজ করতে গিয়ে দেখেছি, অর্থনৈতিক নির্ভরতার কারণে অসংখ্য নারী শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেও মুখ বুজে সংসার করে যাচ্ছেন। নারীরা যখন শিক্ষিত ও আর্থিকভাবে স্বাধীন হবেন, তখন তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। তা ছাড়া একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পেছনে একজন শিক্ষিত ও স্বাবলম্বী মায়ের অবদান সবচেয়ে বেশি। তাই নতুন প্রজন্মের নারীদের প্রতি আমার পরামর্শ, নিজের সম্মান ধরে রাখতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবশ্যই আর্থিকভাবে স্বাধীন হোন।
- নাটকে অভিনয়ের প্রস্তাব যখন প্রথম পেলেন, তখন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল?
সালসাবিল মাহমুদ: নাটকে অভিনয়ের প্রথম প্রস্তাবটি মূলত আমার ফ্রেন্ড সার্কেলের ভেতর থেকেই এসেছিল। এর আগে আমি প্রাণের একটি টিভিসি, মিউজিক ভিডিও এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে কাজ করেছি। তবে ‘টানাপোড়েন’ নামের একটি ধারাবাহিক নাটকে যখন কাজের প্রস্তাব পাই, তখন পরিচালক ও সহশিল্পীরা অনেকেই পরিচিত হওয়ায় তারা আমাকে কাজটি করতে উৎসাহ দেন। তাই বিষয়টি নিয়ে আমার মধ্যে বাড়তি কোনো উত্তেজনা বা জড়তা ছিল না, খুব স্বাভাবিকভাবেই কাজটি গ্রহণ করি।
- নিজেকে ক্যামেরার সামনে প্রস্তুত করতে কী ধরনের অনুশীলন করেছেন?
সালসাবিল মাহমুদ: সত্যি বলতে, অভিনয়ের জন্য আমি আলাদা কোনো প্রাতিষ্ঠানিক অনুশীলন করিনি। আমার মনে হয় অভিনয় বিষয়টি খুব স্বাভাবিক হওয়া উচিত। ছোটবেলায় শিক্ষকরা যেমন বলতেন মুখস্থ না করে বুঝে পড়তে, অভিনয়ের ক্ষেত্রেও আমি সেটিই বিশ্বাস করি। নাটকের দৃশ্যগুলো তো আমাদের বাস্তব জীবন থেকেই নেওয়া। তাই আমি শুধু চিন্তা করি যে বাস্তব জীবনে এমন পরিস্থিতিতে পড়লে আমি কীভাবে প্রতিক্রিয়া দেখাতাম বা আমার শারীরিক ভাষা কেমন হতো। সেভাবেই ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করেছি এবং পরিচালক ও দর্শকরাও আমার এই স্বাভাবিক অভিনয় পছন্দ করেছেন।
- ক্যামেরার পেছনের সালসাবিল আর ক্যামেরার সামনের সালসাবিলের মধ্যে সবচেয়ে বড় মিল বা অমিল কী?
সালসাবিল মাহমুদ: ক্যামেরার সামনের সালসাবিল এবং ক্যামেরার পেছনের সালসাবিলের মধ্যে কোনো অমিল নেই, দুজনই একদম এক। ক্যামেরার সামনে দাঁড়ালে আমার মধ্যে কোনো নার্ভাসনেস কাজ করে না। বাস্তব জীবনে আমি যেমন সাবলীল ও স্বাভাবিক, ক্যামেরার সামনেও ঠিক তেমনই থাকার চেষ্টা করি।
- ভবিষ্যতে অভিনয়কে নিয়মিত পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা আছে কি? থাকলে কোন ধরনের গল্পে কাজ করতে আগ্রহী?
সালসাবিল মাহমুদ: অভিনয় করতে এবং ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে আমি ভীষণ উপভোগ করি। তবে ভবিষ্যতে এটিকে নিয়মিত পেশা হিসেবে নেব কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। কারণ আমাদের রক্ষণশীল সমাজ ও পারিবারিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে যদি নিয়মিত কাজ করি, তবে গতানুগতিক প্রেম-ভালোবাসা বা কান্নাকাটির নাটকের বাইরে গিয়ে ভিন্নধর্মী গল্পে কাজ করতে চাই। বিশেষ করে থ্রিলার, হরর, ‘মানি হাইস্ট’ ধাঁচের মাস্টারপ্ল্যান বা শিক্ষামূলক ও অর্থবহ গল্পে কাজ করার আমার প্রচণ্ড ইচ্ছা আছে। আমার মনে হয়, থ্রিলারধর্মী চরিত্রে আমি আমার অভিনয় দক্ষতা সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব।
- ব্যস্ততা আর নানা আলোচনা-সমালোচনার ভিড়ে নিজের মানসিক শান্তি ধরে রাখতে কী করেন? কঠিন সময়ে কোন নীতিতে বিশ্বাস করেন?
সালসাবিল মাহমুদ: মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শারীরিক অসুস্থতা চোখে দেখা যায়, কিন্তু মানসিক অবসাদ বা ডিপ্রেশন বাইরে থেকে বোঝা যায় না, অথচ এটি মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। বর্তমান প্রজন্ম করোনা মহামারি, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা এবং এআইয়ের কারণে চাকরি হারানোর ভয়ের মতো নানা কারণে প্রচণ্ড মানসিক চাপে রয়েছে। আমার জীবনেও অনেক ঝড়ঝাপটা ও ওলটপালট ঘটে গেছে।
নিজের মানসিক শান্তি ধরে রাখতে আমি পরিবারের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাই এবং তাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। আমি বিশ্বাস করি, কঠিন সময়ে একা না থেকে প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকা এবং খোলামেলা কথা বলা সবচেয়ে জরুরি। মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় নয়, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ বা কাউন্সেলিং নেওয়া উচিত। পাশাপাশি, বর্তমানে অতিরিক্ত ফোন ও সোশ্যাল মিডিয়া আসক্তির কারণে মানুষ বাস্তব সম্পর্কগুলো থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমি চেষ্টা করি আড্ডা বা পরিবারের মাঝে থাকলে ফোন দূরে সরিয়ে রেখে মানুষগুলোর সঙ্গে সরাসরি কথা বলতে। জীবনটা খুব ছোট, তাই যান্ত্রিকতা কমিয়ে বাস্তব জীবনের মানুষগুলোর সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকাটাই আমার মূল নীতি।
- আগামী ৫ বা ১০ বছর পর উদ্যোক্তা বা পেশাজীবী সালসাবিল নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চান?
সালসাবিল মাহমুদ: আগামী ৫ বা ১০ বছর পর নিজেকে একজন সফল ব্যবসায়ী ও উচ্চশিক্ষিত পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আমার মূল লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা। বর্তমানে আমার নিজস্ব কিছু উদ্যোগ যেমন ক্যাট ব্রিডিংসহ অন্যান্য ব্যবসা এবং পারিবারিক ব্যবসা ও চাকরি চলছে, যা ভবিষ্যতে আরও প্রসারিত হবে। এর পাশাপাশি মাস্টার্স এবং বাবার ইচ্ছানুযায়ী পিএইচডি সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।
তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষ হিসেবে জন্ম নিয়ে সমাজ ও মানুষের কল্যাণে কতটুকু অবদান রাখতে পারলাম। ভবিষ্যতে আমি আমার চ্যারিটেবল কাজ এবং এনজিওর কার্যক্রমকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়াতে চাই। কেবল সাময়িক আর্থিক সাহায্য নয়, বরং কাউন্সেলিং, নেটওয়ার্কিং এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলাই আমার মূল উদ্দেশ্য। জীবন চলার পথে মানুষের ছোট্ট একটি ইতিবাচক কথা বা মানসিক সমর্থনও যে কতটা বড় আশা জাগাতে পারে, তা আমি নিজের কঠিন সময়ে উপলব্ধি করেছি। তাই আগামী দিনগুলোতে নিজেকে এমন একটি অবস্থানে দেখতে চাই, যেখান থেকে মানুষের জীবনে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনতে পারব।
- আপনার কথা শুনে বোঝা যায় আপনি অত্যন্ত স্নেহশীল ও ভালোবাসাপূর্ণ একটি পরিবারে বেড়ে উঠেছেন। শৈশবের এমন কোনো বিশেষ স্মৃতি বা বাবার কোনো আদরের কথা কি মনে পড়ে, যা আজও আপনাকে ভীষণভাবে আবেগাপ্লুত করে?
সালসাবিল মাহমুদ: আমি আসলে এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে ভালোবাসার কোনো কমতি ছিল না। ছোটবেলায় আমি যখন কেবল একটু একটু কথা বলতে শিখি, তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘আম্মু, তুমি কী চাও?’ উত্তরে আমি বলেছিলাম, আমি নিজে নিজে গাছ থেকে আম পেড়ে খেতে চাই। মেয়ের এই ছোট্ট আবদার পূরণের জন্য বাবা প্রপার্টি ব্রোকারদের বলেছিলেন এমন একটি বাড়ি খুঁজে দিতে, যার ছাদে দাঁড়িয়েই সরাসরি গাছ থেকে আম পাড়া যায়। শেষ পর্যন্ত বাবা সত্যিই তেমন একটি বড় বাড়ি কিনে ফেলেছিলেন, যাতে আমি ছাদে গিয়ে নিজের হাতে আম পেড়ে খেতে পারি। এমন স্নেহ ও আদরের পরিবেশ থেকেই আমি উঠে এসেছি।
- এত সুন্দর একটি শৈশব কাটানোর পরও পরবর্তী জীবনে সম্পর্কের টানাপোড়েন এবং প্রাক্তন স্বামীর সাথে আপনার তিক্ত অভিজ্ঞতার কথা উঠে এসেছে। জীবনের সেই অন্ধকার ও সংগ্রামের দিনগুলো আপনি কীভাবে পার করেছিলেন?
সালসাবিল মাহমুদ: জীবনের উত্থান-পতনের এক পর্যায়ে আমার প্রাক্তন স্বামীর সাথে সম্পর্কে জড়ানোর পর আমি এমন সব দিন দেখেছি, যা কল্পনাও করা যায় না। আমার প্রাক্তন স্বামী মাদকাসক্ত হয়ে পড়ায় সংসারে প্রচণ্ড মারধর ও শারীরিক নির্যাতনের মতো ঘটনা ঘটতে শুরু করে। তখন পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতাম। মনে হতো, আমি হয়তো কাল সকালের সূর্যটা আর দেখতে পাব না; তাই বেঁচে না থাকলে আল্লাহ যেন আমার গুনাহগুলো মাফ করে দেন। জীবনের চরম সুখ এবং চরম দুঃখ—এই দুই বিপরীত অভিজ্ঞতার মধ্য দিয়েই আমাকে যেতে হয়েছে। তবে সেই কঠিন সময় পেরিয়ে এখন আমি সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে আছি, আমার থাকা-খাওয়ার কোনো চিন্তা নেই—এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং নিজেকে পৃথিবীর অন্যতম সুখী মানুষ মনে করি।
- আপনি বলছিলেন, মানুষের সামান্য সান্ত্বনা বা আশাব্যঞ্জক কথাও অনেক সময় জাদুমন্ত্রের মতো কাজ করে। আপনার জীবনের কঠিন সময়ে কারো বলা এমন কোনো কথা বা সহানুভূতির গল্প কি আমাদের সাথে শেয়ার করবেন, যা আপনাকে নতুন করে বাঁচার সাহস জুগিয়েছিল?
সালসাবিল মাহমুদ: আমার মনে হয়, কারো যদি আর্থিক সামর্থ্য নাও থাকে, তবুও সে কেবল সুন্দর ও ইতিবাচক কথার মাধ্যমে অন্যকে অনেক বড় সাহায্য করতে পারে। আমি যখন আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তটি পার করছিলাম, তখন আমার পরিবারও আমার পাশে ছিল না। সেই চরম একাকিত্ব ও দুঃসময়ে আমাদের বাসার গৃহকর্মী (বুয়া) আমার কাছে এসে বলেছিলেন, ‘আপা, একদিন সব ঠিক হয়ে যাবে।’ আপাতদৃষ্টিতে কথাটি খুব ছোট মনে হলেও, সেই মুহূর্তে তা আমার জীবনে জাদুমন্ত্রের মতো কাজ করেছিল। তাই আমি বিশ্বাস করি, আমরা যদি একে অপরের প্রতি একটু বিনয়ী, দয়ালু ও সহানুভূতিশীল হই, তবে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে।
- বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়া, মানসিক অবসাদ কিংবা মাদকাসক্তির মতো সমস্যাগুলো বেশ প্রকট। আপনার নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে—এই সামাজিক অবক্ষয় কাটিয়ে উঠতে আমাদের দৃষ্টিভঙ্গিতে কেমন পরিবর্তন আনা জরুরি বলে আপনি মনে করেন?
সালসাবিল মাহমুদ: বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়া, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং মাদকাসক্তির মতো সমস্যাগুলো সত্যিই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব সমস্যা কমাতে হলে আমাদের সবার চিন্তার পরিধি আরও প্রসারিত করতে হবে। পাশাপাশি, জীবনের প্রতিটি অবস্থায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ বা শুকরিয়া আদায় করার মানসিকতা গড়ে তুললে মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। আমরা যদি ইতিবাচকভাবে চিন্তা করি এবং অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা রাখি, তবে সমাজে ধীরে ধীরে পরিবর্তন আসবে। আর একটি সুন্দর সমাজ গড়ে উঠলেই আমরা একটি সুন্দর দেশ এবং সর্বোপরি একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 
























