আন্তর্জাতিক ডেস্ক:
দফায় দফায় ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। আর এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসব ঘটনাকে তিনি‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন।
ইরানের সংসদের জ্বালানি কমিটির সদস্য মোহাম্মদ বাহরামি দেশটির সংবাদমাধ্যম ‘দিদবান ইরান’-কে বলেন, ‘এই বছর তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোর মধ্যে যেসব অগ্নিকাণ্ড ঘটেছে, সেগুলোর ধরন স্বাভাবিক নয়। কিছু স্থানে বারবার এবং স্বল্প সময়ের ব্যবধানে এই ঘটনা ঘটেছে, যা খুবই স্পর্শকাতর।’
বাহরামি জানান, বেশির ভাগ ঘটনার পেছনে পুরোনো যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণের অভাব দায়ী হলেও ইসরায়েলের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
তার ভাষ্যমতে, ৫০ শতাংশ ঘটনা ঘটেছে পুরোনো যন্ত্রাংশ, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং পুরোনো মনিটরিং সিস্টেমের কারণে। ৩০ শতাংশের জন্য দায়ী মানবিক ভুল, অপারেশনাল কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ও নিরাপত্তা প্রটোকল না মানা। বাকি ২০ শতাংশ ঘটনার পেছনে রয়েছে ব্যবস্থাপনার ব্যর্থতা, জরুরি সাড়া দেওয়ার ক্ষেত্রে দেরি, দুর্বল নিরাপত্তা বাজেট, অপ্রতুল ডিজিটাল সতর্কতা ব্যবস্থা এবং সাম্প্রতিক ইসরায়েলি শত্রুতার প্রভাব।

রিপোর্টার: 





















