মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুত্রবধূকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ীর বিরুদ্ধে।
গত (৬জানুয়ারী) মঙ্গলবার দুপর দেড়টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ময়নারকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
তিন কন্যা সন্তানের জননী, সৌদিআরব প্রবাসী জাকির হোসেনের স্ত্রী হ্যাপি আক্তার (২৭) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে আহত হ্যাপি আক্তার গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে ও আহত হ্যাপি আক্তার জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন কাটিয়েছেন, ছোট ভাই বিদেশে পাঠানো, ছোট বোনকে বিয়ে দেয়া সহ পরিবারের জন্য অনেক করেছেন। আমার তিন মেয়ে। আমাদের ছেলে সন্তান না থাকায় আমার স্বামী জাকির হোসেন আমাকে ৫ শতাংশ জায়গা লিখে দিয়েছে। এর পর থেকে আমার শ্বশুর-শাশুড়ী দেবর ননদের সাথে বিরোধ করছে। তার জের ধরে আমার শ্বশুর-শাশুড়ী গতকাল আমাকে প্রথমে মারধর শুরু করে এক পর্যায়ে শাবল দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা করে। আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাদের হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে অভিযুক্তর কোন মতামত পাওয়া যায়নি।
গজারিয়ায় থানার ওসি (তদন্ত), মোঃ সাব্বির হোসেন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















