বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু, পণ্য বহুমুখীকরণ এবং কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে লাভজনক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে করপোরেশনের মিলগুলোর বিদ্যমান সংকট নিরসন ও উত্তরণের উপায় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর চিনিশিল্প ভবনের বোর্ডরুমে বিএসএফআইসির জিয়া পরিষদের উদ্যোগে ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মিলসমূহের বিদ্যমান সংকট নিরসন ও তা থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, যুগ্মসচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ও সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সরকার (জুয়েল) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনিশ্চয়তা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এ ছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএসএফআইসির পরিচালক, সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান, জিয়া পরিষদের সভাপতি মো. আবু রায়হান, সহসভাপতি মো. হাসানুজ্জামানসহ করপোরেশনের আওতাধীন বিভিন্ন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তারা।
সেমিনারে চিনিকলগুলোর বর্তমান সমস্যা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানগুলোকে লোকসান থেকে বের করে আনার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ বলেন, ‘জননায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে বন্ধ কলকারখানা পুনরায় চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বন্ধ চিনিকলগুলো পুনরায় উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, মিলগুলোর লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে চিনিকলের বাই-প্রোডাক্ট বা উপজাত দক্ষতার সঙ্গে ব্যবহার করে নতুন পণ্য উৎপাদন এবং পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে করপোরেশনের প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিনারের সমাপনী বক্তব্যে বিএসএফআইসির চেয়ারম্যান গৃহীত উদ্যোগ বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “চিনিকল পুনরায় চালু ও লাভজনক করতে বিএসএফআইসির উদ্যোগ”