জোহানেসবার্গে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। প্রতিপক্ষের শক্তিমত্তা, দলের সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা নানা চ্যালেঞ্জ—কোনো কিছুই জয়ের লক্ষ্য থেকে সরাতে পারছে না তাকে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাকি তিন ম্যাচের প্রতিটিতেই জয়ের জন্য খেলতে চান তিনি। এর মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের মাটিতে। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২০ রানে ৫ উইকেট হারানোর পরও ৪০০ রান তুলেছিল বাংলাদেশ। চাপের মুখে দলের এমন ঘুরে দাঁড়ানোর মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিমন্স। তবে বোলিংয়ে আরও উন্নতির প্রয়োজন বলে মনে করেন তিনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে খেলতে বাধ্য করতে না পারাকে বড় ঘাটতি হিসেবে চিহ্নিত করেছেন কোচ। তার ভাষায়, ‘আমরা তাদের যথেষ্ট খেলতে বাধ্য করতে পারিনি। এটাই আমাদের উন্নতির জায়গা। অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে আরও বেশি বল করতে হবে।’
প্রথম টেস্টের ভুলত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আশাবাদী সিমন্স। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে আনরিখ নরকিয়ার ফেরার সম্ভাবনা থাকলেও প্রস্তুতির ধরনে পরিবর্তন আনছে না বাংলাদেশ। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘প্রথম টেস্টে নরকিয়া খেলবে না, সেটা আমরা আগে থেকে জানতাম না। তাই সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছিলাম। এবারও একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’
দ্বিতীয় টেস্টের একাদশ নির্ধারণে উইকেটের আচরণকে গুরুত্ব দিতে চান সিমন্স। চার পেসার খেলানোর সম্ভাবনা থাকলেও অন্য দলের সমন্বয় অনুসরণ করতে রাজি নন তিনি, ‘অন্য দলে চার পেসার খেলেছে, কারণ তাদের দলের ভারসাম্যের জন্য সেটি উপযুক্ত ছিল। আমাদের দেখতে হবে, বাংলাদেশের জন্য কোন সমন্বয়টি সবচেয়ে কার্যকর।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে বলেও মনে করেন সিমন্স। এই ক্যারিবীয় কোচের বিশ্বাস, টেস্ট ক্রিকেটের আবেদন এখনো শেষ হয়ে যায়নি। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট শেষ হয়ে যায়নি। মানুষ আবার ফিরে আসছে এবং টেস্ট ক্রিকেটে আমাদের ভালো করতে দেখতে চাইছে।’
চলমান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাকি তিন ম্যাচের দুটিই দেশের মাটিতে। ঘরের মাঠের ম্যাচগুলোতেও জয়ের প্রত্যাশা কোচের। সিমন্স বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি, ঘরের মাঠে ম্যাচ জিততে। এই ম্যাচটি কঠিন হবে, তবে আমরা দেখিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলিংয়ে ঠিকঠাক করতে পারলে এবং ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো সুযোগ থাকবে। আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই।’
এদিকে ব্যক্তিগত ফর্মের কারণে মুমিনুল হকের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠলেও তাকে আরও সময় দেওয়ার পক্ষে কোচ। ১৩টি টেস্ট শতকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সিমন্স বলেন, ‘কখনো কখনো খেলোয়াড়দের একটু বেশি সময় ধরে সমর্থন দিতে হয়। এই ক্ষেত্রে আমরা তাকে সমর্থন দিয়েছি।’ সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ।
জনতার কণ্ঠ/এসএ

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























