নীলফামারীর জলঢাকা উপজেলার বুড়ি তিস্তা নদীসহ বিভিন্ন স্থান থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদী ও বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছে। এতে নদীভাঙন, আবাদি জমি, সড়ক ও নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে উপজেলার গোলমুন্ডা ও ডাউয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাড্ডাপাড়া, এক কপাটি ও সাত কপাটি সেতু সংলগ্ন এলাকা, কুটিপাড়া আবাসন, সাতজান রাজারডাঙ্গা এবং ডিবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বুড়ি তিস্তা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত বিভিন্ন সময়ে ২০ থেকে ২৫টি টলি ব্যবহার করে এসব স্থান থেকে বালু উত্তোলন ও পরিবহন করা হয়। কোথাও কোথাও নদীর তীর ও বাঁধ কেটে বালু পরিবহন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় বালু ব্যবসায়ীরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও বাঁধ দুর্বল হয়ে পড়ছে। এতে বর্ষা মৌসুমে নদীভাঙন দেখা দিলে আশপাশের কয়েকটি গ্রাম, আবাদি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে অনেকে ভয় পান। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম নষ্ট বা জব্দ করা হলেও কিছুদিন পর আবার একইভাবে বালু উত্তোলন শুরু হয়।
স্থানীয়দের ভাষ্য, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। পাশাপাশি সেতু, সড়ক, নদীর বাঁধ এবং কৃষিজমি ঝুঁকির মধ্যে পড়ছে। তাই নদী ও বাঁধ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। কেউ অনুমোদন ছাড়া বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডেরও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

নীলফামারী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















