যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে যোগ্যদের বাদ দিয়ে রাজনীতিতে অনিয়মিত ও অযোগ্যদের অন্তর্ভুক্তি করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত নেতারা। বুধবার (১৭ জুন) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এতে প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন। এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দ্রুত পদায়নের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
তাদের দাবি, কমিটিতে ত্যাগ ও অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’দের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অবিলম্বে পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়ন না করলে যুবদল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা সতর্ক করেন।
যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা মো. দুলাল হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, ছাত্রদলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, অলি উদ্দিন সুমন দেওয়ান, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, কাজী মেজবাউল আলম, ফজলুল হক নিরব, সুমন চৌধুরী, সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, শহিদুল ইসলাম মাসুদ, কোয়েল হোসেন, শাহাদত হোসেন ভূঁইয়া সাহেল, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, মাজেদুল ইসলাম মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগ জবি খন্দকার আমিনুল হক কাকন, যুবদলের সাবেক সদস্য মিজানুর রহমান খান, ছাত্রদলের সদস্য আজিজুল হক পাটোয়ারী, মহিবুল্লাহ জয়, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা মাহমুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রনেতা জহিরুল ইসলাম দিদার, খসরু আহমেদ হিরন, ঢাবির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কবির আহমেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রনেতা দুলাল মাতব্বর ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রনেতা মেহেদী হাসান খান প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কোনো দলের সরকার নয় এটি বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের সরকার। যারা ভোট দিয়েছেন তাদের যেমন সরকার, যারা ভোট দেননি তাদেরও সরকার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সরকারের সব সুবিধা সমানভাবে পাবেন। আমরা সবার জন্য কাজ করতে চাই। বাংলাদেশের নাগরিক হলেই সে এই সব সুবিধা পাবে।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে এই দেশকে স্বাধীন করেছিল এই দেশের জনগণ। বিদেশ থেকে কেউ এসে স্বাধীনতা এনে দেয়নি। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টে এই দেশের সাধারণ মানুষ ছাত্র, জনতা, নারী-পুরুষ সবাই মিলে রাজপথে নেমে এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এছাড়া এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ। এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছে বাংলাদেশের জনগণ। কাজেই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ।
তিনি আরও বলেন, এই দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি অলস হয়ে পড়ে থাকে, তাহলে দেশের ভাগ্যের পরিবর্তন কখনও সম্ভব হবে না। দেশ গড়তে হলে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। সরকারের যেমন দায়িত্ব আছে উন্নয়ন কাজ করার, শিক্ষার ব্যবস্থা করার, নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার এবং মানুষের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার, ঠিক একইভাবে জনগণকেও তাদের নিজস্ব দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল, তখন তিনি দৃঢ়কণ্ঠে বলেছিলেন, এই বাংলাদেশের মাটিই তার প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সবাইকে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখনই ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগিয়ে যায়, দেশের অর্থনীতি যখনই গতি পেতে শুরু করে, তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। অতীতেও ১৭৩ দিন হরতাল, ভাঙচুর ও অবরোধ দিয়ে দেশের মানুষের জীবন বিপর্যস্ত করা হয়েছিল। সেই একই মহল আজ আবার বলছে, সরকারকে সময় দেওয়া যাবে না। তিনি প্রশ্ন রাখেন, যারা এ কথা বলছে তারা কি জনগণের স্বার্থে কথা বলছে, নাকি নিজেদের স্বার্থে?
সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নটিকে গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে তুলে ধরে তিনি বলেন, আজকে দেখুন, সংবাদপত্র কোনো খবর ছাপলে সেটি সরকারের পক্ষেই হোক বা বিপক্ষেই হোক সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না। সে তার কথা বলে। একইভাবে যেকোনো ব্যক্তি সরকারের পক্ষে বা বিপক্ষে যা-ই বলতে চান, তা নির্ভয়ে বলতে পারছেন।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এই দেশের মানুষের বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার হরণ করা হয়েছিল। সেই অন্ধকার অধ্যায়ের বিরুদ্ধে গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে এবং হারানো অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, এই বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি, দেশের জন্য কাজ করতে পারছি। তিনি স্পষ্ট করেন, এই গণতান্ত্রিক পরিবেশ না থাকলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ সরকারের কল্যাণমুখী কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব হতো না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার হচ্ছে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সরকার। এই জন্যই আমরা বলি করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, একইসঙ্গে হচ্ছে সবার জন্য বাংলাদেশ।
তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য আনন্দের দিন। আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ড দেব। এটা আমাদের নির্বাচনী ওয়াদা ছিল। আজকেই এর বাস্তবায়ন করতে পারলাম। নারী চা শ্রমিকদের হাতে কার্ড দিতে পেরে খুবই ভালো লাগছে। দুঃস্থ, অসহায় ও মেধাবী ছাত্রদের সহায়তা, গরিবদের চিকিৎসা সাহায্য, কৃষকদের কৃষি কার্ড দিয়েছি আমরা। প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে নতুন জামা ও স্কুল ব্যাগ তুলে দেব।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ শান্তি চায়, ভালোভাবে বেঁচে থাকতে চায়। বর্তমান সরকার আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এই যে আমরা ফ্যামিলি কার্ড দিলাম এটা সব ধরনের মানুষ পেয়েছে না? আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের অর্থ যেন সঠিকভাবে জনগণের জন্য এবং দেশের ব্যবহৃত হয়।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ৪ কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়, বাংলাদেশের ৩ কোটি কৃষকের কাছে কৃষক কার্ড তুলে দিতে চায়, প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে নতুন জামা ও স্কুল ব্যাগ তুলে দিতে চায়, ইমাম ও অন্যান্য ধর্মীয় গুরুদের নূন্যতম সম্মানী ব্যবস্থা করে দিতে চায়, এই দেশের খালগুলোকে খনন এবং পুনঃখনন করতে চায়, এই দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে চায়, তার জন্য বৃক্ষরোপণ করতে চায়। আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাতে চায়।
তিনি বলেন, আমরা যে বাজেট উপস্থাপন করেছি, তাতে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ট্যাক্স তুলে নিয়েছি, যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা বিএনপি করে, যারা আমার দলের দলীয় নেতাকর্মী, যারা শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক আমরা সব সময় একটি কথা বলি আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের রাজনীতিও জনগণকে সঙ্গে নিয়ে। এই জনগণই আমাদেরকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠনে সহযোগিতা করেছে। এই জনগণ সঙ্গে ছিল বলে গত এক যুগের আন্দোলন ২০২৪ সালের ৫ আগস্ট সফল হয়েছে। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ম্যানোফেস্টো দিয়েছিলাম, নির্বাচনের আগে ছিল এটা বিএনপির ম্যানোফেস্টো। নির্বাচনের ফলাফলের পরে এটি প্রমাণ করেছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ম্যানোফেস্টো। আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নয় এটা জনগণের প্রতিশ্রতি।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি দুস্থ অসহায়দের সহযোগিতা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অর্থ সহায়তা, পাহাড়ি নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, চা শ্রমিকদের মাঝে বরাদ্দ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি তুলে দেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও জাতীয় সংসদের হুইপ জি কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বিসিবি পরিচালক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট-৬ আসনের সংসদ ও বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংসদ সদস্য আব্দুল মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা এছাড়াও অন্যান্য আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় মৌলভীবাজারের দুসাই রির্সোটে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভা হয়েছে। সেখান থেকে তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী অসুস্থ খালেদা রাব্বানীকে দেখতে যান।
এর আগে, বুধবার সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।
সুত্র: দৈনিক কালবেলা

নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।
ইউপি সদস্য মামুনুর রহমান জানান, সকালে ইছামতী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে জনগণ পুলিশকে ফোন করে। আমিও খবর পেয়ে সেখানে যাই। মরদেহটি ধুনট ও কাজিপুর উপজেলার সীমানায় ইছামতী নদীতে ভাসছিলো। উদ্ধারের পর আমরা কেউই মরদেহ চিনতে পারিনি।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মনোজ কুমার জানান, সকালে ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জনগণ পুলিশকে ফোন করে। খবর পেয়ে আমরা আসি। যেহেতু মরদেহ নদীতে ভাসমান সেহেতু সিরাজগঞ্জ নৌ পুলিশকে খবর দিলে তারা আসলে মরদেহ পানি থেকে তোলা হয়। মরদেহের পরনে কোন কাপড় ছিলো না। গায়ের চামড়া অনেকাংশে খুলে গেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্যে মরদেহ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ৩ কেজির তাজা গাছ উদ্ধার

বাড়ির আঙিনায় সবজি বা ফুলের বদলে চাষ করা হচ্ছিল মাদক। তবে শেষ রক্ষা হয়নি। জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লীর একটি বাড়ি থেকে গাছটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন ঘরের মালিক ও গাঁজা চাষে অভিযুক্ত রবিন মাহাতো ওরফে চয়ন (৪০)। সে ওই গ্রামের রোশকা মাহাতোর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে গোপনে গাঁজার চাষ করা হচ্ছিল-এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পাঁচবিবি থানা পুলিশ। অভিযানে বাড়ির আঙিনা থেকে মাটি খুঁড়ে তাজা ও পরিপক্ব গাঁজার গাছটি জব্দ করা হয়, যার ওজন প্রায় ৩ কেজি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপারের কড়া নির্দেশনায় পুরো উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই গাছটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত রবিন মাহাতো পলাতক থাকলেও তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি তা পারবেন?

২০২৬ বিশ্বকাপের সেরা তারকাদের তালিকায় উপরের দিকে রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পে। এই তিন তারকার মধ্যে এমবাপ্পে আর মেসি ইতোমধ্যেই নিজেদের মিশন শুরু করে দিয়েছেন। স্ব স্ব ম্যাচে দুই তারকাই আলো ছড়িয়েছেন। মঙ্গলবার রাতে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের দাপুটে জয়ের ম্যাচে একাই জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, আজ ভোরে মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-০ গোলের উড়ন্ত সূচনার ম্যাচে সবকটি গোলই এসেছে এলএম টেনের পা থেকে।
এরপর থেকেই প্রশ্নটা ভক্ত-অনুরাগীদের মনের মধ্যে ঘুরপাক খাছে যে, মেসি-এমবাপ্পে নিজেদের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন; ক্রিস্টিয়ানো রোনালদো কী পারবেন? আজ রাতেই যে মাঠে নামছেন আল নাসরের এই পুর্তগিজ সুপারস্টার। বাংলাদেশ সময় রাত ১১টায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে সিআর সেভেনের পর্তুগাল।
বিশ্বকাপের ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এমন দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পেরেছেন, যেমনটা পেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন পর্তুগালের এই মহাতারকা। তবে কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার আরেকটি বিশ্বকাপ অধ্যায়, যা হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও।
পর্তুগালের সামনে এবার বড় সুযোগ। শক্তিশালী মাঝমাঠ, অভিজ্ঞ রক্ষণভাগ এবং প্রতিভাবান আক্রমণভাগ নিয়ে দলটি শিরোপার অন্যতম দাবিদার। তবে সব আলো এখনো রোনালদোর ওপরই। প্রশ্ন একটাই-তিনি কি এখনো পর্তুগালকে শিরোপার পথে টেনে নিতে পারবেন, নাকি তার উপস্থিতিই দলের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াবে?
ইউরো ২০২৪-এ রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাকে নিষ্প্রভ দেখা গিয়েছিল। আবার ২০২২ বিশ্বকাপেও শেষ ষোলোতে তাকে বেঞ্চে বসিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬ গোল করেছিল পর্তুগাল। এসব কারণে অনেকেই মনে করেন, আগের সেই রোনালদোকে আর দেখা যায় না।
তবে পর্তুগাল শিবিরে তার গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, এটি রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ হলেও তার প্রস্তুতি, আবেগ ও একাগ্রতা যেন প্রথম বিশ্বকাপ খেলা কোনো তরুণ ফুটবলারের মতো। মার্তিনেজ বলছিলেন, ‘সে আমাদের দলের জন্য অপরিহার্য। গোল করার পাশাপাশি অন্যদের জন্য জায়গা তৈরি করে দিতে পারে।’
সতীর্থদের কাছেও রোনালদো অনুপ্রেরণার নাম। মিডফিল্ডার মাতেউস নুনেস বলেছেন, রোনালদোর সঙ্গে খেলা তার জন্য গর্বের বিষয়। অন্যদিকে ব্রুনো ফার্নান্দেস জানিয়েছেন, ছোটবেলায় টেলিভিশনে যাকে দেখে বড় হয়েছেন, তার সঙ্গে একই দলে খেলা বিশেষ সম্মানের।
কঙ্গোর কোচ সেবাস্তিয়েন দেশাব্রেও রোনালদোর প্রশংসা করেছেন, ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। বিশেষ করে সেট পিসে এখনো ভয়ংকর।’

র্যাবের ৪ ইউনিটের যৌথ অভিযানে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

র্যাব-১২, র্যাব-৪, সিপিসি র্যাব-২ ও সিপিসি-৩ যৌথভাবে পৃথক দুটি অভিযান চালিয়ে সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে সোয়া ১টার দিকে ঢাকা মহানগরের শেরেবাংলানগর থানার তালতলা এলাকা থেকে দুর্জয় সরকার (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (১৫ জুন) বিকেলে ‘ঢাকা জেলার সাভার থানার ইম্যান্দীপুর রানাপ্লাজা এলাকা থেকে মো. রাসূল (২০) নামে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মমিনুর রহমান।
গ্রেপ্তারকৃত মো. রাসূল সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত বুদ্দু সরকারের ছেলে ও মো. দূর্জয় সরকার একই গ্রামের মৃত হামেদ সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ২৬ বছর বয়সী ভুক্তভোগী তরুণী গত ৬ জুন চাকরির জন্য ঢাকার উদ্দেশ্যে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে রওয়ানা হন। কিন্তু ট্রেনের টিকিট না থাকায় টিটিই সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় রেলওয়ে স্টেশন তাকে নামিয়ে দেন টিটিই। এরপর তিনি কড্ডা থেকে পায়ে হেঁটে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দিকে যান। রাত ৮টার দিকে পূণরায় কড্ডার মোড় স্টেশনে যাওয়ার জন্য সয়দাবাদ স্টেশন থেকে অটোভ্যান ভাড়া করেন তিনি। কিছুক্ষণ পরে ওই অটোভ্যানে আরও তিন যাত্রী উঠে তরুণীর সঙ্গে গল্প শুরু করেন। গল্পের ফাঁকে কৌশলে মহাসড়কের ডানপাশে ইকোনোমিক জোনের গেট থেকে ভেতর দিয়ে বয়রার চরের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে ভ্যানচালক ও যাত্রীসহ চারজন জোরপূর্বক তার মুখ চেপে ধরে এবং রাস্তার পূর্ব পাশে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। এক পর্যায়ে পরস্পরের সহায়তায় জোরপূর্বক পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর তাকে ১শ টাকা দিয়ে অন্য একটি ভ্যানগাড়ীতে তুলে দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার উল্লেখ করেন, গত ১৫ জুন বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-৪ ও সিপিসি-২ এর একটি দল সাভার থানার ইম্যান্দীপুর রানাপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসূলকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে র্যাব-২ ও সিপিসি- এর একটি দল শেরেবাংলা নগর থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি দুর্জয় সরকারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব কমান্ডার মমিনুর রহমান।

সিরাজগঞ্জে মহাসড়কের পাশেই মিললো রক্তাক্ত মরদেহ

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে আব্দুস সালাম নামে এক ব্যক্তির (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরের দিকে যমুনা সেতু-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুস সালাম বগুড়া জেলার সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, বুধবার সকালে ধোপাকান্দি এলাকায় মহাসড়কের একটি কালভার্টের নীচে অজ্ঞাতনামা ওই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল প্রস্তুত করার পর দুপুরের দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তার মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।

পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন

নানা অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) নুরুল হুদার অপসারণের দাবি উঠেছে।
বুধবার (১৭জুন) উল্লাপাড়া আরএস এলাকায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মূচিতে এমন দাবি করেন গ্রাহক ও স্থানীয়রা।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত আবেদনে বিভিন্ন অনিয়মের অভিযোগে জিএমের অপসারণ দাবী করে স্থানীয়রা।
বুধবার ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জিএম নুরুল হুদা নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। ফলে সাধারণ গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত সমস্যা ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের নানাভাবে হয়রানির অভিযোগও তোলেন তারা।
বক্তারা আরও বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ না করে বিভিন্ন স্থানের গাছ কেটে বিক্রির ঘটনাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন সংশ্লিষ্ট জিএম। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তারা বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, সোলায়মান, মোছা. সুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন, মনসুর প্রমূখ।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার নুরুল হুদা বলেন, কিছু দালাল ও ইলেকট্রিশয়ান সুবিধা করতে না পারায় আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ এনে মানববন্ধন করেছে।

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত কমিটির ঝটিকা মিছিল

সিরাজগঞ্জে ঝটিকা মিছিল করলো নিষিদ্ধ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১৭ জুন) সকালে যমুনা সেতু পশ্চিম এলাকায় মহাসড়কে এই ঝটিকা মিছিল বের করে তারা।
জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ এই মিছিলে অংশ নেন।
ছাত্রলীগের মিছিলের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কার মাতুব্বর বলেন, ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমাদের জানা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলমান রয়েছে।

তাবলিগের আমির হত্যা: আপিলে মুক্তি পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী

সিলেটের তাবলিগ জামাতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী ফাতিহা মাশকুরাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১৭ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার আপিল মঞ্জুর করে রায়টি দেন।
আদালতে আপিলকারী মাশকুরার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামির আপিল খারিজ করে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন।
সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন মাশকুরা।
জানা যায়, সিলেটের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম খলিলের নিজ বাসার শয়নকক্ষ থেকে ২০১৫ সালের ১৮ মে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করে পুলিশ। এরপর মাশকুরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
একই বছরের ২৪ আগস্ট ফাতিহার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা একমাত্র আসামি খলিলের স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেন।
এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।

কুমিল্লা থেকে ঠাকুরগাঁওয়ে গাঁজা সরবরাহের সময় ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা থেকে এসে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল ১১ টায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য জানান।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভূল্লী উপজেলার ভূল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক এলাকার খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় এলাকার সিরাজ মিয়া (৪০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পিকআপ চালানোর আড়ালে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তারা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বারবার পিছিয়ে যাচ্ছে ওসমান হাদি হত্যা মামলার তদন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ জুন নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার জন্য ১৬বারের মতো সময় পেল তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। যদিও সিআইডি প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত ২৮ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এই তথ্য জানান।
ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, মুখপাত্র ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
গুলির ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন। ওসমান হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলা তদন্ত করে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার বাদী এ অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি।

দুই বছরে শরীয়তপুরে ২০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা চরভাগা উন্নয়ন ফোরামের

আগামী দুই বছরের মধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ হাজার ওষুধি, ফলজ ও ফুলের গাছ রোপণের ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন চরভাগা উন্নয়ন ফোরাম।
বুধবার (১৭ জন) সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরভাগা নতুন বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। এ সময় ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এক হাজার ওষুধি গাছ রোপণ করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকা এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে আগামী দুই বছরে মোট ২০ হাজার ওষুধি, ফলজ ও ফুলের গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাফিজুল হক বলেন, “তরুণদের এ উদ্যোগ দেশের মানুষের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
এসময় সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসেন, চরভাগা উন্নয়ন ফোরামের সভাপতি ওবায়দুল্লাহ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠনটির এ কর্মসূচি বাস্তবায়নে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের একটি দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আয়োজকরা জানান।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এসময় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন নূসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনটি প্রদর্শনী স্টলে উত্তোম কৃষি চর্চার মাধ্যমে এ অঞ্চলে উৎপাদিত রপ্তানীযোগ্য ফলের প্রদর্শন করা হয়।

মাদকবিরোধী অভিযানে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
জানা গেছে, টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলীখালী সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (১৬ জুন) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনবাগে ইভটিজিংয়ের অভিযোগে ৫ জন আটক, দুই ছাত্রী বহিষ্কার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত যুবক ও দুই ছাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের একটি অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। পরে ঘটনাস্থল থেকে আটক তিন বহিরাগত যুবককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে একই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিদ্যালয়ের দুই ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নবগঠিত ভূল্লী উপজেলার প্রথম দিনে ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলার প্রশাসনিক কার্যক্রমের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খাইরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত উপজেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বলেন, দীর্ঘ প্রত্যাশার পর ভূল্লী উপজেলা হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। নতুন এই উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, ভূল্লী উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও সামগ্রিক উন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা গ্রহণ করে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, নবগঠিত এই উপজেলার দায়িত্ব পাওয়া একটি বড় দায়িত্ব। ভূল্লী উপজেলার উন্নয়ন, মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উপজেলা প্রশাসন কাজ করবে।
এ সময় উপস্হিত ছিলেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমুল ইসলাম লাল, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আশরাফুল হক, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ, শুখানপুকুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন রানা মান্নান, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, সহসাধারন সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বড়গাও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আহমেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, আউলিয়াপুর বিএনপির সভাপতি সাইদুর রহমান, দেবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ ছাড়াও শুভেচ্ছা অনুষ্ঠানে ভূল্লী প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হিলিতে বড় পর্দায় বিশ্বকাপ: আলজেরিয়াকে ৩ গোলে হারাল আর্জেন্টিনা

দেশজুড়ে চলছে ফিফা বিশ্বকাপের তুমুল উন্মাদনা। সেই উন্মাদনার জোয়ারে ভাসছে দিনাজপুরের হাকিমপুরও। আজ সেখানে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে আলবিসেলেস্তেরা। প্রিয় দলের এমন দুর্দান্ত জয়ে আনন্দের জোয়ার বইছে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মাঝে।
আজ সকাল থেকেই হাকিমপুরের বাংলাহিলি বাজার সরকারি খাদ্য গুদাম মোড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাটি বড় পর্দায় সরাসরি দেখানোর আয়োজন করায় সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন সব বয়সী ফুটবলপ্রেমীরা। শিশু থেকে বৃদ্ধ—সব স্তরের আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। বড় পর্দায় প্রিয় তারকাদের প্রতিটি মুভমেন্ট দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধের শুরুর দিকেই আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পেলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। এরপর আলজেরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও আক্রমণভাগের রসায়নের সামনে তারা পরাস্ত হয়। ম্যাচের শেষপর্যন্ত আলজেরিয়ার জালে আরও দুইবার বল জড়িয়ে ৩-০ গোলের দাপুটে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা দল।
খেলা শেষে এক উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থক বলেন, আজকের খেলায় আলজেরিয়াকে ৩ গোল দিয়ে আমরা আমাদের শক্তি বুঝিয়ে দিয়েছি। দলের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে আমরা শতভাগ আশাবাদী—এবারও বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনার ঘরেই যাবে।

মৌলভীবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী

ফ্যামেলী কার্ড পাইলটিং কর্মসূচীর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মৌলভীবাজার পৌঁছান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছান।
পরে সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। মৌলভীবাজার পৌঁছে তিনি সরাসরি শ্রীমঙ্গলের পথে রওয়ানা হয়েছেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামেলী কার্ড বিতরণ কর্মসূচীতে যোগ দিবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।
গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মোছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হয়। সড়কের ব্রীজ-কালভার্টে লাল-সাদা রঙে রাঙিয়েছেন মিস্ত্রীরা।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ বুঝে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স।

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, পদ হারালেন বেরোবি ছাত্রদল নেতা

নেশার টাকার জন্য স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পিকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
মঙ্গলবার (১৭ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পিকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এর আগে মাইদুল ইসলাম বাপ্পির স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী উম্মে জেবিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি স্বামীর বিরুদ্ধে নেশার টাকার জন্য মারধর, মানসিক নির্যাতন, যৌতুকের জন্য চাপ সৃষ্টি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।
তবে অভিযোগ অস্বীকার করে মাইদুল ইসলাম বাপ্পি দাবি করেন, এটি তাদের পারিবারিক বিষয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিল কেন্দ্রীয় ছাত্রদল।

আওয়ামী যুবলীগ নেতা নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যুবলীগ নেতা আরাফাত কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী। ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। কয়েক দিন আগে আরাফাতের নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগ ঝটিকা মিছিল বের করে। তার প্রতিবাদে উপজেলা বিএনপি গত শুক্রবার বিক্ষোভ করে।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারে কাজ করছিল। অবশেষে ডিবির জালে ধরা পড়েছে আরাফাত। তার বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, অফিসিয়ালি কাগজ-কলমে তাকে পাইনি। তবে ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে বিষয়টি আমি নিশ্চিত হয়েছি।

সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা আ.লীগের তিন নেতার

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের তিন নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ জুন) পৃথক সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী নেতারা হলেন ৫ নং বহুগ্রাম ইউপি চেয়ারম্যান পরিতোষ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারান বালা এবং ৮ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সদস্য মো. রইচ মোল্লা।
লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার বা আমাদের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। আমি ও আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

জাল দলিল তৈরির অভিযোগে সিলেটে দুইজনের কারাদণ্ড

সিলেটে জাল দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতর মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ আলীম উল্লাহ খান। দণ্ডপ্রাপ্তরা হলেন— কামরুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মিটু (৪০)।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ২ যুবক জাল দলিল প্রস্তুত করে জমি রেজিস্ট্রি করার জন্য সিলেট সদর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের কাছে জমা দেন। দলিল পর্যালোচনার সময় সন্দেহ হলে সাব-রেজিস্ট্রার তাৎক্ষণিকভাবে তাদের আটক করে রাখেন। পরে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ আলীম উল্লাহ খানকে জানানো হলে তিনি উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত জাল দলিল প্রস্তুত ও ব্যবহারের অপরাধে কামরুল ইসলাম ও মিটুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এসিল্যান্ড মোহাম্মদ আলীম উল্লাহ খান গণমাধ্যমকে বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জালিয়াত চক্র কোনো ধরনের অনুমোদন ছাড়াই ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে জাল দলিল তৈরি করে জমি রেজিস্ট্রির চেষ্টা করছিল। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। যারা এমন জালিয়াতি করতে পারে, তারা প্রবাসী বা জমির মালিকদের আস্থার সুযোগ নিয়ে আরও বড় ধরনের প্রতারণা করতে পারে।
তিনি জানান, বিষয়টি ধরা পড়ার পর দুজনকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মূল অভিযুক্তকে দুই মাস ও তার সহযোগীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলাও করা হবে।
এসিল্যান্ড বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে এবং পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে অভিযান চলবে। কর্মকর্তা-কর্মচারীসহ যেই জড়িত থাকুক, অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জেলা রেজিস্টার (ডিআর) অফিস বা প্রশাসনের কাছে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের জমি রাষ্ট্রের কাছে আমানত। পাওয়ার অব অ্যাটর্নি বা কেয়ারটেকারের ওপর দায়িত্ব দিলেও জমির মালিকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে, জমির খাজনা পরিশোধ ও এসিল্যান্ড বা তহশিল অফিসে তথ্য হালনাগাদ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে কেয়ারটেকাররাই ক্ষমতার অপব্যবহার করে জাল দলিল তৈরি করে থাকে। এতে জমি নিরাপদ আছে কি-না, তা সহজেই নিশ্চিত হওয়া সম্ভব।

সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।
বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হলেন আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা এছাড়াও অন্যান্য আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছেছেন। তিনি সড়কপথে শ্রীমঙ্গলের পথে রয়েছেন। সেখানে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া মৌলভীবাজারে আরও কয়েকটি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও সড়কের দুপাশে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
অন্যদিকে সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। পরে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন তিনি।

দুমকিতে আর্জেন্টিনা ভক্তদের বর্ণাঢ্য পতাকা মিছিল

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, পটুয়াখালীর দুমকিতে সেই উন্মাদনার ঢেউ লেগেছে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমর্থক সমাবেশ করেছেন দুমকির ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ শোভাযাত্রায় প্রায় ১০ হাজার আর্জেন্টিনা সমর্থক অংশ নেন বলে আয়োজকদের দাবি।
দুমকি উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনে বহন করা হয় ৫০ ফুট দীর্ঘ বাংলাদেশের জাতীয় পতাকা। এছাড়া অংশগ্রহণকারীদের হাতে ছিল ছোট-বড় আর্জেন্টিনার পতাকা, বিশাল ভুভুজেলা বাঁশি। এছাড়া অনেকের মাথায় বাঁধা ছিল বাংলাদেশের পতাকা।
সরকারি জনতা কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দুমকি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় রঙিন ফায়ার স্মোকের রঙিন হয়ে ওঠে দুমকির আকাশ।
শোভাযাত্রায় বিপুলসংখ্যক নারী ও শিশু অংশগ্রহণ করেন। আয়োজকদের ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অন্তত এক হাজার শিশু এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং নানা বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ এতে অংশ নেন।
সরকারি জনতা কলেজের শিক্ষক শহীদুল ইসলাম বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। দুমকির মানুষ যে এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
একই কলেজের শিক্ষক আসাদুজ্জামান বলেন, এত বড় পরিসরে আর্জেন্টিনা ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ দুমকির ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে, এই আয়োজন তারই প্রমাণ।
দুমকি উপজেলা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর অন্যতম সংগঠক জাহিদ রুবেল বলেন, আমরা সবাই আর্জেন্টিনা দলকে ভালোবাসি তাই শত ব্যস্ততার মাঝেও বাচ্চাকে নিয়ে চলে এসেছি।
দুমকি উপজেলা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর অন্যতম সংগঠক রাজিবুল ইসলাম বলেন, বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
আরেক সংগঠক সাজ্জাদুল ইসলাম দুর্জয় বলেন, আর্জেন্টিনা গতবারের চেয়ে এবার আরও শক্তিশালী দল, আমরা এবারও চ্যাম্পিয়ন হব।
আমিনুল ইসলাম বলেন, আজ এতো হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে আর্জেন্টিনার ভক্ত আমাদের দেশে অনেক বেশি।
শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে দুমকি থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এদিকে শোভাযাত্রায় মানুষের ঢল দেখে বিস্ময় প্রকাশ করেন অনেকেই। স্থানীয়দের মুখে মুখে ছিল একটাই প্রশ্ন— ‘এত মানুষ এলো কোথা থেকে!’ দুমকির সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা।
2 thoughts on “দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত করল আদালত”