কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ মো. আব্দুল আজিজ এবং কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার।
পুলিশ জানায়, সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দুই নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।

মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 























