ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ার কারণে একটি দেয়াল ধসে পড়ে প্রাণ হারিয়েছেন সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১)। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন। দ্য সান-এর প্রতিবেদন।
বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে অবস্থিত মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন সাবেক এই ফরোয়ার্ড। ঘটনা চলাকালে দমকা বাতাসের ধাক্কায় হঠাৎ ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল পথচারী ও পার্ক করা গাড়ির ওপর ধসে পড়ে।

আরও পড়ুন:আবারও বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে প্রতিনিধিত্ব করবেন সাকিব
পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন তাসিও। সাউ ক্রিস্টোভাও থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন।
বোটাফোগোর হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং ১টি গোল করেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ানিও ক্লাবের হয়ে নিজের খেলাধুলার ইতি টানেন।
এই সাবেক অ্যাথলেটের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।

ক্রিড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















