জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় শহরের শহীদ ড. আবুল কাশেম ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা বজলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মেলায় আসা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের স্টলগুলো পরিদর্শন করেন।

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















