টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান (৩৭) হাবলা উত্তরপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফ খানকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় কে বা কারা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুর রহমান বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় হানিফ খানকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাসাইল থানার ওসি আলমগীর কবির কালবেলাকে বলেন, নিহত হানিফ খানের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















