নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করার অভিযোগে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সোমবার (২৪আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোবরচাঁপা মোড়ে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গিটারসহ অন্তত দুজন আহত হয়েছেন। পরে স্থানীয়দের মারধরে সুজাউল ইসলামও আহত হন।
আহত আবু রায়হান গিটার প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবরচাঁপা মোড়ে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লোকজন কে নিয়ে শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করছিল সুজাউল ইসলাম।
রোববার ওই ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়দের সাথে সুজাউল ইসলামের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। দুই গ্রুপের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার। তখনই আবু রায়হান গিটার কে লক্ষ্য করে কৃষক দলের বহিষ্কৃত নেতা সুজাউল ইসলাম তার হাতে থাকা স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করেন। এতে তাঁর বুকের ডান পাশে গভীর ক্ষত হয়।
এ সময় গিটারকে রক্ষা করতে গিয়ে শাহীন নামে এক যুবকও আহত হন। পরে স্থানীয় কয়েকজন সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে সুজাউলকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মাদুদ রানা সবুজ বলেন, সুজাউল ইসলাম জোরপূর্বক ওই ঘরটি দখল করে সেখানে দোকান করার চেষ্টা করছিলেন। এর আগেও তিনি ঘরটি দখলের চেষ্টা করেছিলেন। শ্রমিকদের দাবি, ঘরটি শ্রমিক ইউনিয়নের হওয়ায় এটি শ্রমিকরাই ব্যবহার করবেন। এতে সবার মত ছিলো। সুজাউল ইসলাম জোরপূর্বক ঘরটি দখল করতে গিয়ে স্থানীয় শ্রমিক জনতার রোষানলে পড়েন। সুজাউলের সাথে তার ছেলে সিয়ামও ছিলো।
তবে সুজাউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ছেলে সিয়াম ফোনটি ধরেন। তিনি বলেন, তাঁর বাবা প্রায় চার বছর ধরে গোবরচাঁপা মোড়ে ট্রাক শ্রমিকদের একটি ঘর ব্যবহার করে আসছেন। সম্প্রতি গিটার চাচার লোকজন তাঁকে ওই ঘর ব্যবহার করতে দিচ্ছেন না। ঘরটিতে আওয়ামী লীগের লোকজন বসে—এ বিষয় নিয়েই মারামারি হয়েছে বলে তিনি দাবি করেন। এর বেশি তিনি জানেন না।
আবু রায়হান গিটার বলেন, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছিল। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একপর্যায়ে সুজাউল ইসলাম স্ক্রু-ড্রাইভার দিয়ে তাঁকে আঘাত করেন। এতে তাঁর বুকের প্রায় এক ইঞ্চি গভীর ক্ষত হয়েছে বলে দাবি করেন তিনি।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, আবু রায়হান গিটারের বুকের ক্ষত গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 























