বোয়ালখালী উপজেলার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে এসব সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বোয়ালখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন জামায়াত নেতৃবৃন্দ। একই সঙ্গে উপজেলার চলমান বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।
বিশেষ করে মাদকের বিরুদ্ধে বোয়ালখালী থানা পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন জামায়াত নেতৃবৃন্দ। মাদক নির্মূলে প্রশাসন ও পুলিশের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি সামাজিকভাবে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক বদরুল হক, বোয়ালখালী উপজেলা আমির ডা. খোরশেদ আলম, উপজেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল মন্নান, জাহাঙ্গীর আলম, মুহাম্মাদ ওসমান গণি, আলী আকবরসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বোয়ালখালীর শান্তি, শৃঙ্খলা, জননিরাপত্তা ও সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আরিফুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















