ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী ঢাডির হাট যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আশরাফুল হক, সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, স্বপ্ন গ্রুপের পরিচালক ও সাংবাদিক মামুনুর রশিদ মামুন, বালিয়া ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য নার্গিস আরা বেগম, বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লুৎফর রহমান বাবু এবং যুবদল নেতা লিটন।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন দলের খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভূল্লী অলস্টার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় রায়হান ফিড স্টোর তরুকপথা একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজকেরা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হয়।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে।
টুর্নামেন্টের সৌজন্যে ছিল মিনিস্টার ও কনকা শোরুম (স্বপ্ন ইলেকট্রনিক্স), হানিফ কাউন্টার সংলগ্ন, ভূল্লী বাজার, ঠাকুরগাঁও এবং রয়েল ফার্নিচার, সোনার বাংলা হোটেল সংলগ্ন, ভূল্লী, ঠাকুরগাঁও।

মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















