শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, যুক্তিবোধ ও কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে আয়োজন করা হচ্ছে ‘BOALKHALI CHESS Championship 2026’।
উপজেলা প্রশাসন, বোয়ালখালীর আয়োজনে আগামী ৩ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘Academic Category’-তে বোয়ালখালী উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
এ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য থাকবে আকর্ষণীয় টেবিল ল্যাম্প। বিজয়ীদের প্রত্যেকের জন্য থাকবে ক্রেস্ট ও সনদ।
অন্যদিকে, ‘Open Category’-তে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের দাবাড়ুরা অংশ নিতে পারবেন। এ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার হিসেবে রাইস কুকার এবং তৃতীয় পুরস্কার হিসেবে ব্লেন্ডার মেশিন দেওয়া হবে। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সনদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। পাশাপাশি সব অংশগ্রহণকারীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।
‘Academic Category’-তে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। আর ‘Open Category’-তে অনলাইনে Google Form-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৬।
আয়োজকরা জানান, দাবার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের যুক্তিবোধ, ধৈর্য, মনোযোগ ও কৌশলগত চিন্তাশক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরিফুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















