সৌদি আরব বিশ্বজুড়ে ১৭৫টি দেশে ১৪৫ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে বলে জানিয়েছেন দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল রাবিয়াহ।
বেলজিয়ামের ব্রাসেলসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত “এ নিউ অ্যাম্বিশন ফর ফ্র্যাজিল অ্যান্ড ফ্রন্টিয়ার মার্কেটস” শীর্ষক এক ভার্চুয়াল অধিবেশনে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, কেএসরিলিফ এ পর্যন্ত ১১৩টি দেশে ৮.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে ৪,০০০টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে।
অধিবেশনে ড. আল রাবিয়াহ ভঙ্গুর ও প্রান্তিক বাজারগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না রেখে এসব অঞ্চলে স্থানীয় উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
এই রূপান্তর তরান্বিত করতে তিনি তিনটি প্রধান অগ্রাধিকারের কথা উল্লেখ করেন: আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং কোনো বাধা ছাড়া নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করা, স্থানীয় জনগোষ্ঠীকে বাড়তি চাপে না ফেলে স্থানীয় কেন্দ্রিক ত্রাণ কার্যক্রম শক্তিশালী করা এবং মানবিক সহায়তার ক্রমবর্ধমান আর্থিক ঘাটতি মেটাতে উদ্ভাবনী অর্থায়নের উদ্যোগ নেওয়া।
তিনি স্পষ্ট করেন যে, কেবল অনুদান দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ঝুঁকিপ্রবণ প্রান্তিক বাজারগুলোতে বিনিয়োগ উৎসাহিত করতে তিনি সরকারি অর্থায়ন, মিশ্র অর্থায়ন, ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা এবং বেসরকারি পুঁজি ব্যবহারের আহ্বান জানান।
বক্তব্যের শেষে ড. আল রাবিয়াহ জরুরি ত্রাণ সহায়তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও যৌথ সমৃদ্ধিতে রূপান্তর করতে আন্তর্জাতিক সহযোগিতার জোর দাবি জানান, যেন দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মর্যাদা অক্ষুণ্ন রেখেই তাদের নতুন নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়।
সূত্রঃ সৌদি গ্যাজেট
জনতার কণ্ঠ / কেএম

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















