রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development Training’ (উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ) শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া, সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা, ব্যবসা পরিচালনার কৌশল এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক (বিটিআই) ও জিএম (পরিকল্পনা ও গবেষণা) ড. মো. ফরহাদ আহমেদ। প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো. তানজিম হোসেন।
এ ছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিসিকের প্রশিক্ষকরা পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা, জ্ঞান ও দক্ষতা বিকশিত হবে। ভবিষ্যতে তাঁরা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

কাউছার আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















