প্রবাসে সুস্থধারার সংস্কৃতি চর্চা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ইতালির রাজধানী রোমে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রোমের বাংলা টাউনে অবস্থিত সিলেট কাফি শপে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে আয়োজকরা বলেন, প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ক্লাবের অন্যতম লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামিল হোসেন, মুজিবুর রহমান, নাহিদ আহমেদ, প্রিন্স হাসান আহমেদ, সাবেল আহমেদ, লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা ও বসবাসরত তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি খেলাধুলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে। বৃহত্তর সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে প্রবাসী তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















