র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর-এর যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২, সিরাজগঞ্জ-এর অধিনায়কের দিকনির্দেশনায় গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টায় র্যাব-১২ ও র্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ নূরছাপাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৩ তারিখে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোছাঃ নূরছাপা (৩৫), স্বামী- মোঃ ইসাহাক আলী, সাং- নওপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে দিনাজপুরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর থেকেই দণ্ডপ্রাপ্ত আসামি পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে র্যাব নিশ্চিত তথ্য পায়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















