সিরাজগঞ্জের ৬টি আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দর বাংলাদেশ বিনির্মনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বিএনপির কোন বিকল্প নাই। তাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সিরাজগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতিকের এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত হলে উল্লাপাড়ার যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দিন ও মো. মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















