নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ কিশোরদের হামলায় আরিফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার চাচাতো দুই ভাই আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের রগুরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে। আহতরা হলেন—তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২)। তারা বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই সময় আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে ওই দিন রাতেই বাড়ির পাশে একটি চা দোকানে তাকে মারধর করা হয়।
পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও রগুরামপুর গ্রামে বাড়ির কাছে সংঘবদ্ধ কিশোর গ্রুপ আরিফের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত উমায়ের ও ওমরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন,
“বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 

















