জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের চাপ ও পারিবারিক কলহ সহ্য করতে না পেরে বেলাল হোসেন (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বাউসি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন বাউসি মধ্যপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি ঢাকা ওয়াসার পিয়ন পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলাল হোসেন চাকরিতে যোগদানের পর এলাকার বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। দীর্ঘ সময় পার হলেও তিনি কাউকে চাকরি দিতে পারেননি । আবার টাকাও ফেরত দিতে ব্যর্থ হন। পাওনাদাররা পরিবারে এসে টাকার জন্য চাপ সৃষ্টি করলে তার পরিবারে চরম অশান্তি ও কলহের সৃষ্টি হয়। দুই কন্যা সন্তানের জনক বেলাল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শুক্রবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে বিষপান করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বুঝতে পারেননি। সকালে তার শারীরিক অবস্থার অবনতি দেখে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমীন সুলতানা শান্তা বলেন, যুবকের লাশ হাসপাতালে আনার আগেই বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছিল।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















