সিরাজগঞ্জে ফসলি জমির উপর দিয়ে বালু উত্তোলনের ড্রেজারের পাইপ সঞ্চালন ও বিভিন্ন স্থানে বালির স্তুপ রাখার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এর ফলে দুই গ্রামের ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়ছে।
এ বিষয়ে সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকরা।
কৃষকদের গণস্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পৌর এলাকার ৩ নম্বর ক্রসবার বাঁধের উত্তরে পুঠিয়াবাড়ী ও রৌহাবাড়ি গ্রামের ফসলি জমির উপর দিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলনের একাধিক পাইপ স্থাপন করেছেন স্থানীয় প্রভাবশালী আমিনুল ইসলাম আলো, আব্দুল্লাহ আল মামুন ও উজ্জ্বল গং। দীর্ঘদিন ধরে তারা কৃষকদের নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে পাইপ স্থাপন এবং বালুর স্তুপ করে রেখেছেন। এতে করে ওই দুই মহল্লার ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি করে রাখা হয়েছে। এছাড়াও চাষাবাদ করা ফসলও নষ্ট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, পাইপ লাইন স্থাপন করায় বর্তমানে বোরো মৌসুমে জমিতে পানি সেচ বন্ধ হয়ে গেছে এবং পাইপের বালি পড়ে ফসিল জমি নষ্ট হচ্ছে।
আমিনুল ইসলাম আলো বলেন, প্রতি বছর জমির মালিকদের ক্ষতিপুরণ দিয়েই জমির উপর দিয়ে পাইপ লাইন স্থাপন করা হয়েছে। জমির মালিকরা কেন অভিযোগ করলেন তা দেখার বিষয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভুমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার: 

















