নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন গুদাম থেকে বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের দিকনির্দেশনায় এসআই প্রতীক পালের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত একটি গুদাম থেকে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে শনিবার দুপুরে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলা উদ্দিনের নেতৃত্বে আফাজিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ী হেলাল বেপারীর গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি জব্দ করা হয়।
জব্দকৃত চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের চিনি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদদারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















