মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাসা থেকে আব্দুল মালেক (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত এক্কাবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্প কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে শয়নকক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরতে দেখা যায় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্ট্রোকজনিত মৃত্যু অথবা বিষপানে আত্মহত্যার ঘটনা হতে পারে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















