নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আলোচিত দোলোয়ার বাহিনীর প্রধান মোঃ দেলোয়ার হোসেন (৩৫)-কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ থানাধীন ০৬ নং রাজগঞ্জ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের আলাদীনগর এলাকায় জনৈক মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোলোয়ার বাহিনীর প্রধান হিসেবে পরিচিত দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন উপজেলার পূর্ব একলাশপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ছায়েদুল হক এবং মাতা আকলিমা বেগম। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 

















