সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশা চালক জাহের আলী হত্যা মামলার আসামি মো. রাসেলকে (২০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার (২ মে) ভোররাত পৌণে ১টার দিকে রাজধানী ঢাকার দারুস সালাম থানাধীন বড়বাজার আবুলের রিক্সার গ্যারেজের সামনে থেকে তদাকে গ্রেপ্তার করা হয়। রাসেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মো. হাসেমের ছেলে।
সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানীর কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে
র্যাব-১২, সদর কোম্পানি, র্যাব-৪ ও সিপিসি-১, ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন বড়বাজার আবুলের রিক্সার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর’’ একটি যৌথ অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সলঙ্গা থানা এলাকায় ফুলজোড় নদীর কালিকাপুর এলাকা থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় নিহতের ছেলে মোঃ বাবুল আকন্দ (৪০) বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান জানান, “গত কয়েকদিন ধরে আমরা রাসেলের অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। সে বারবার স্থান পরিবর্তন করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















