শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. তোফাজ্জেল হোসেন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তোফাজ্জেল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনের পাশাপাশি সেবাগ্রহীতাদের আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে সম্প্রতি মিথ্যা তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, “কয়েক বছর আগেও একটি মহল আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল। তখন তারা সফল হয়নি। এবারও হবে না, ইনশাআল্লাহ। আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাব।”
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাগ্রহীতা জানান, তোফাজ্জেল হোসেন দায়িত্ব পালনে আন্তরিক এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করেন। তাদের দাবি, তার বিরুদ্ধে এর আগে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ শোনা যায়নি। তারা মনে করেন, অপপ্রচারের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ন করা উচিত নয়।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তোফাজ্জেল হোসেনের দায়িত্ব পালন ও কর্মদক্ষতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি দাবি করেন।

শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 

















