সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রতন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাত ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রতন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে বাড়ির পাশের পুকুরে রতনের মরদেহ দেখতে পান তাঁর মা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বাবা রহিম বক্স জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই মাতলামি করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্যদের মারধর করতেন। এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















