২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।
তিনি বলেন, ঐতিহাসিক এই ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে দলটির আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া।
ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















