পৈত্রিক সম্পত্তি থেকে নিজের বোনকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কুটারগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এছাড়াও বোনকে মারধোর করে তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন।
এ ঘটনায় ভুক্তভোগী বোন সদর উপজেলার খোকশাবাড়ী উত্তর গ্রামের তোফায়েল হোসেনের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে পিটিশন দায়ের করেছেন।
মামলার একমাত্র বিবাদী বাদীর বড় ভাই সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. আনোয়ার হোসেন। তিনি কুটারগাঁতী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।
মামলার বিবরণ ও বাদী শাপলা খাতুনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর শাপলা ও আনোয়ার হোসেনের বাবা ফজলার রহমান মারা যান। মৃত্যুর পর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে তার গচ্ছিত ১ লাখ ৫৩ হাজার টাকা নমিনী বিধবা মাতা আলেয়া বেগমকে ভুল বুঝিয়ে উত্তোলন করিয়ে একাই আত্মসাত করেন আনোয়ার হোসেন। এছাড়া ফজলার রহমানের নগদ আরও ৫০ হাজার টাকাও তিনি আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন শাপলা।
বিষয়টি জানতে পেরে বাদীনী শাপলা খাতুন এসব টাকার বিষয়ে জিজ্ঞাসা করেন। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে বাদীনীর ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি মারতে থাকেন। তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শাপলা খাতুন বলেন, আনোয়ার হোসেন আমার মাকে ভুল বুঝিয়ে তার জমিজমা বিক্রি করিয়েছে। কৌশলে ওইসব জমি বিক্রির টাকা আত্মসাত করেছে। আমার মৃত বড় ভাইয়ের দুই ছেলে-মেয়েকেও তাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এতিম নাতিদের সম্পত্তি দেওয়ার কথা বললে আমার বিধবা মা আলেয়া বেগমকে বাড়ি থেকে বের করে দিয়েছে আনোয়ার হোসেন।
শাপলা বলেন, আমরা বিচার চাই। বাবার সম্পত্তির ন্যায্য অধিকার চাই।
এসব অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আমার বাবার গচ্ছিত টাকা নমিনী আমার মা আলেয়া খাতুনকে দিয়ে উত্তোলন করেছি। আমি ওই টাকা তার গাছেই গচ্ছিত রেখেছি। আমার বাবার মৃত্যুর পর যে সম্পত্তি আছে সেগুলো আমার না, আমার চার বোন, দুই ভাই আছে সবাই সেই সম্পত্তি পাবে। যে সকল ওয়ারিশ বিদ্যমান রেখে গেছেন, আমি সবাইকে দিতে রাজি আছি।
তিনি বলেন, মামলা করে কোন সম্পত্তি নেওয়া যাবে না, এসে বসতে হবে। আমি কেন ওদের ভাগ রাখবো। আমি তো মানুষ, আমার মা, মামাতো ভাই, বোনেরা আছে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে বসতে হবে। আমি সবসময় সম্পত্তি দিতে প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















