রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে চার্জগঠন (অভিযোগ গঠন) শুনানি পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হন পরীমনি।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার পক্ষে শুনানি করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
অভিযোগপত্রে আরও বলা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। এ ছাড়া মাদক বহনে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির উদ্যোগ নেওয়া হয়।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 
























