ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার স্বরূপপুর মোড় এলাকায় ওই চালকলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।
জানা গেছে, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল (মোট ২২ হাজার ২০ কেজি) শরিফপুর মোড়ের দক্ষিণ পাশে অবস্থিত একটি চালকলের গুদামে মজুত করে রাখেন মিলন নামের এক ব্যক্তি। বিষয়টি ডিজিএফআইয়ের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করে।
পরে ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করেন ইউএনও মানজুরা মুশাররফ। এ সময় চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মজুত করা চালগুলো জব্দ করা হয়।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য অফিসকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















