সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে জায়গা করে নিয়েছে বিশ্ব রেকর্ডের তালিকায়। ভবনটির ভেতরে অবস্থিত দুটি স্থাপনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনভিত্তিক জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত উন্মুক্ত পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম।
রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস জানিয়েছে, কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ পেয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি বিশ্বের সর্বোচ্চ ভবনভিত্তিক জাদুঘর। অন্যদিকে, ৫৬০ দশমিক ৯ মিটার উচ্চতায় থাকা উন্মুক্ত পর্যবেক্ষণ প্ল্যাটফর্মটি বিশ্বের সর্বোচ্চ আউটডোর ভিউইং প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে।
কেন্দ্রটিতে জ্যোতির্বিজ্ঞান, মহাবিশ্বের নানা বিষয়, চাঁদ দেখার আধুনিক প্রযুক্তি এবং সময় পরিমাপের পদ্ধতি নিয়ে বিভিন্ন আয়োজন রয়েছে। দর্শনার্থীরা এখানে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, ইতিহাস এবং এ ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন।
রয়্যাল কমিশনের ভাষ্য, এই স্বীকৃতি ক্লক টাওয়ারের স্থাপত্যশৈলী ও বৈজ্ঞানিক সক্ষমতার পাশাপাশি দর্শনার্থীদের জন্য এর বিশেষ অভিজ্ঞতার প্রতিফলন। এখানে একদিকে মহাকাশবিজ্ঞান সম্পর্কে জানার সুযোগ রয়েছে, অন্যদিকে পাওয়া যায় অসাধারণ উচ্চতা থেকে মক্কা শহরের দৃশ্য দেখার অভিজ্ঞতা।
এছাড়া কেন্দ্রটির বিভিন্ন স্থাপনা থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর মনোরম দৃশ্য দেখা যায়। ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও পর্যটনের আকর্ষণ হিসেবেও মক্কা ক্লক টাওয়ারের গুরুত্ব আরও বাড়ল।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























