জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইটাখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল।
আটক ব্যক্তিরা হলেন—ক্ষেতলাল উপজেলার বাড়ইল নলপুকুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে আলামিন মণ্ডল (২১), মাটিহাস গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে ইজমুল ইসলাম রিপন (২০) এবং আক্কেলপুর উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে রাশেদ হোসেন (২০)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের শরীর ও মোটরসাইকেলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম ওজনের ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাঁদের জয়পুরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ/জেডএইচ

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















