মেয়ের বাড়িতে যাওয়ার পথে আর গন্তব্যে পৌঁছানো হলো না নুরবানুর (৪৯)। সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরবানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়পত আলীর মেয়ে।
নুরবানুর মেয়ের জামাতা এনামুল জানান, সকালে তাঁর শাশুড়ি নান্দাইল দিঘী চকমুড়লী এলাকায় তাঁর বাড়িতে আসছিলেন। পথে পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল দিঘী যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন নুরবানু। এ সময় সিরাজগঞ্জ থেকে জয়পুরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক দাবি করেন, কাজের প্রয়োজনে সিরাজগঞ্জ থেকে জয়পুরহাট যাচ্ছিলেন তিনি। পুনট কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে এক নারী হঠাৎ রাস্তা পার হতে সড়কে উঠে আসেন। তিনি হর্ন বাজালেও ওই নারী শুনতে পাননি। এ কারণে দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করেন চালক। এতে তাঁর কোনো দোষ নেই বলেও দাবি করেন তিনি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারীর মরদেহ থানায় নেওয়া হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিধি মোতাবেক মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনতার কণ্ঠ/পিআর

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 





















