কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহারকে সংবর্ধনা দিয়েছে হোসেনপুর উপজেলার চরপুমদীতে অবস্থিত হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌঁছালে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন।
বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার। পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা সংসদ সদস্যের কাছে একটি নতুন একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও প্রধান ফটক নির্মাণের দাবি জানান।
জবাবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন ও আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবন, বাউন্ডারি দেয়াল ও প্রধান ফটক নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ ছাড়া পুমদি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সব রাস্তা দ্রুত মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসিম সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইটভাটা সমিতির সভাপতি খালেকুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী হেলাল উদ্দিন, পুমদি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 





















