জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আটজন ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের আইপিও মোতায়েনের নতুন রেকর্ড তৈরি হয়েছে।
বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা সোমবার (২৩ নভেম্বর) ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। সেখান থেকে মিশন এলাকায় যাওয়ার কথা রয়েছে তাদের।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে। মোতায়েন হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এ দলে একজন নারী পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কায় বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন করা হয়েছে।
তারা আরও জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এই মোতায়েন গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এ উদ্যোগ দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















