বেলকুচি উপজেলার এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক আশরাফ আলী (৫৮) হত্যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ জন নেতা-কর্মীদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নিহত আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করা হয়েছে।
এর মধ্যে অন্যতম আসামীরা হলেন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন বেপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মোঃ খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামারগ্রামের কলেজ পাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মোঃ সোনামিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মোঃ মোস্তফা (৩৫), গোপরেখীর মোঃ ইয়াহিয়া (৩২)। এরা সকলেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। মামলাটি তদন্তের জন্য এনায়েতপুর থানার এস আই ফরিদ উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকান থেকে পান কিনে বাড়ি ফেরার পথে এজাহার নামীয় আসামী সহ ১০/১৫ জন অজ্ঞাতরা মোটরসাইকেল যোগে মহড়া দিয়ে এসে আশরাফ আলী ব্যাপারীর উপর হামলা চালায়। একপর্যায়ে তার পাজরে ছুরিকাঘাত করে চলে যায়। পরদিন ভোররাতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আশরাফ আলীর ছেলে মোঃ ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় পিতার হত্যার বিচার চেয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী ইয়াকুব আলী অভিযোগ করে জানান, মামলাটি না করার জন্য
হত্যার পর থেকে আমাদের পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল আসামী পক্ষের লোকজন। আমরা নিজেদের পরিবার ও স্বজনদের নিরাপত্তা সহ নিরাপরাধ পিতা হত্যার বিচার চাই।
এদিকে এনায়েতপুর থানার ওসি মোঃ মহায়মিনুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করে পুলিশ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
জনতার কণ্ঠ/এসএ

সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















