নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে পরিচালিত মহড়া পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সোমবার (২৩ নভেম্বর) এই তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অনুশীলনে তাদের যৌথ কার্যক্রম ও সামরিক সক্ষমতা তুলে ধরা হবে।
সফরকালে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার কর্মসূচিও রয়েছে তাঁর।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় অবস্থিত স্বর্ণদ্বীপ সামরিক প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। দুর্গম ভৌগোলিক পরিবেশে বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ ও অনুশীলন পরিচালনার উপযোগী হওয়ায় দীর্ঘদিন ধরে দ্বীপটি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী।
মহড়ার কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















