কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. সোহেল (২৮) সাজা এড়াতে প্রায় তিন বছর ধরে আত্মগোপনে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ডাকাতি ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর ডাকাতির ঘটনায় করা একটি মামলায় তার বিরুদ্ধে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এ ছাড়া ২০১৯ সালের ১৬ আগস্ট দায়ের করা চোরাই মালামাল গ্রহণের অপর একটি মামলায় তার তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
পুলিশ জানায়, এসব সাজা এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন সোহেল। গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















